RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

চল্লিশ বছর ধরে ভারতে বসবাস, কুলতলিতে বাংলাদেশি সন্দেহে ধৃত এক ব্যক্তি

কুলতলিতে চল্লিশ বছর ধরে বসবাসকারী এক টোটোচালককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করল পুলিশ। আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ এই অভিযান চালায়। ধৃত ব্যক্তির নাম এনামুল মোল্লা। সোমবার রাতে কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট বছর বয়সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। বসিরহাটে ইটভাটায় শ্রমিকের কাজ করার পর তিনি কুলতলিতে এসে বসবাস শুরু করেন। ভারতেই তিনি বিয়ে করেন এবং বর্তমানে তাঁর তিন সন্তান রয়েছে। কুলতলিতে টোটো চালিয়ে তিনি সংসার চালাতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং নথিপত্র খতিয়ে দেখার পর গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি সন্দেহে ওই এলাকা থেকেই আরও চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের পরিচয় ও নথিপত্র যাচাই করা হচ্ছে। মঙ্গলবার এনামুল মোল্লাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রকৃত নাগরিকত্ব এবং বৈধ নথিপত্র খতিয়ে দেখছে প্রশাসন।