পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ভিডিও কলে হুমকি, মালদায় গ্রেপ্তার অভিযুক্ত দুষ্কৃতী
ভিডিও কলে ব্যবসায়ীকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মালদায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। বৃহস্পতিবার তাকে সাহাপুর এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ।
ভিডিও কলে পিস্তল দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে আকাশ মণ্ডল নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুরাতন মালদার সাহাপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। তার হাতে হাতকড়া ও পরনে হাফপ্যান্ট ছিল।
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে নদিয়ার হরিণঘাটা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।
সম্প্রতি কমল ঘোষ নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছে টাকা চেয়েছিল আকাশ। দীর্ঘদিন ধরে এলাকায় সে সন্ত্রাস সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ। তার ভয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে।