RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রহড়ায় ফ্ল্যাটে ঢুকে স্বামীকে মারধরের অভিযোগ, দায়ের মামলা

বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন রহড়ার একটি ফ্ল্যাটে ঢুকে স্বামীকে মারধরের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।

বিবাহ বিচ্ছেদের আইনি লড়াই চলাকালীন এক যুবকের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার রহড়ার পাতুলিয়া এলাকায় একটি বহুতলে এই ঘটনা ঘটে। জখম ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে সোদপুরের বাসিন্দা সোধনী চক্রবর্তীর সঙ্গে সাদাব আনজুমের বিয়ে হয়েছিল। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। কিছুদিন ধরে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকছিলেন। রহড়ার একটি আবাসনে মেয়েকে নিয়ে বসবাস করছিলেন সাদাব।

সোমবার রাতে সাদাবের ফ্ল্যাটে হাজির হন তাঁর স্ত্রী এবং কয়েকজন সঙ্গী। অভিযোগ, সেখানে সাদাবকে মারধর করা হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পরিবার সূত্রে দাবি করা হয়েছে, অন্য একজনের সঙ্গে সম্পর্কের জেরে এই আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে, স্বামীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রীও। মঙ্গলবার দুই পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।