ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
রসগোল্লা ভেবে কামড়, বোমা ফেটে মৃত যুবক
বন্ধুর দেওয়া রসগোল্লায় কামড় দিতেই ফেটে গেল শূকর মারার বোমা। মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে মৃত্যু হল এক যুবকের।
বন্ধুর দেওয়া মিষ্টির মধ্যে লুকিয়ে রাখা শূকর মারার বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরির পাদারিয়া ছান্তা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাতে বন্ধুর সঙ্গে বসে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র নামে ওই যুবক। সেই সময় রামভগত নামে এক বন্ধু তাঁকে একটি রসগোল্লা খেতে দেন। রাজেন্দ্র সেই রসগোল্লা মুখে দিয়ে কামড় দিতেই তীব্র বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জেরায় অভিযুক্ত রামভগত শূকর মারার বোমা দেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তিনি জানিয়েছেন, এক কিশোর তাঁকে ওই বোমাটি দিয়েছিল। পুলিশ ওই কিশোরকেও আটক করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুরোনো শত্রুতার জেরে এই কাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শূকর মারার বোমা অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। জঙ্গলে শিকারের সময় খাবারের মধ্যে এটি ব্যবহার করা হয়। এত মারাত্মক বিস্ফোরক কোথা এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।