RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাহরিনে খৈনির প্যাকেট নিয়ে বিপত্তি, ১৮ লক্ষ টাকা জরিমানা উত্তরপ্রদেশের যুবকের

পাঁচ টাকার খৈনির প্যাকেট বহন করায় বাহারিন বিমানবন্দরে গ্রেপ্তার হলেন উত্তরপ্রদেশের এক যুবক, জেল খেটে ও মোটা অঙ্কের জরিমানা দিয়ে ফিরলেন দেশে।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৌরভ রায় সৌদি আরবে গাড়ি চালানোর কাজ করেন। সম্প্রতি পর্যটন ভিসায় মুম্বই থেকে বাহরিন যাওয়ার পথে বিপাকে পড়েন তিনি। বাহরিন বিমানবন্দরে নামার পর তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে একটি পাঁচ টাকার খৈনির প্যাকেট উদ্ধার করেন কর্মীরা। এর জেরে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। সৌরভের মোবাইল ফোন ও ব্যাগ বাজেয়াপ্ত করা হয় এবং তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়।

সৌরভ তদন্তকারীদের জানান, তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য খৈনি নিয়েছিলেন, পাচারের কোনো উদ্দেশ্য ছিল না। তবে এই ব্যাখ্যায় কাজ হয়নি। পরিবারের দাবি, তাঁকে প্রায় তিন সপ্তাহ কোনো গরম পোশাক ছাড়াই একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আটকে রাখা হয়েছিল। তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আজমগড়ের পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন। জেলা প্রশাসন বিদেশ মন্ত্রককে বিষয়টি জানায়।

১৮ দিন জেল খাটার পর ৭,২০০ বাহরিন দিনার জরিমানা দিয়ে মুক্তি পান সৌরভ। ভারতীয় মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সৌদি আরব ঘুরে ভারতে ফিরে এসেছেন।