ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
অসমে মাদকাসক্ত যুবকের তাণ্ডব, খুন বাবা ও দুই ভাই
অসমে পারিবারিক বিবাদের জেরে বাবা ও দুই ভাইকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন মা সহ আরও এক ভাই।
অসমে শ্রীভূমি জেলার নীলামবাজার এলাকায় এক পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মধ্যরাতে বাবা ও দুই ছোট ভাইয়ের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই দুই নাবালক ভাইয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের বাবা। হামলায় গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের মা এবং আরও এক ভাই। সিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম ফারুক আহমেদ। ঘটনার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, ওই যুবক নিয়মিত মাদকের নেশা করতেন। পারিবারিক কোনও দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশকর্তা জানিয়েছেন, এই নৃশংস ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই হামলা চালানো হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।