RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

এআইয়ের পরামর্শে চার বছরের ভাইপোকে খুন, অঙ্গ চুরির অভিযোগে গ্রেপ্তার কাকা

ছত্তিশগড়ে রাতারাতি ধনী হওয়ার নেশায় এআইয়ের পরামর্শ নিয়ে চার বছরের ভাইপোকে খুন করে অঙ্গ বের নেওয়ার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে।

রাতারাতি ধনী হওয়ার নেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে চার বছরের ভাইপোকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ছত্তিশগড়ের জশপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বাসুদেব কোরওয়া। বয়স ২৭ বছর। সে পেশায় একজন দিনমজুর। আর্থিক অনটনের কারণে তার মাথায় রাতারাতি বড়লোক হওয়ার নেশা চেপে বসেছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে এবং এআইয়ের পরামর্শ নিয়ে সে অঙ্গ বিক্রির ছক কষে।

গত ৫ নভেম্বর মামাতো দাদার চার বছরের ছেলেকে মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে আনে বাসুদেব। অভিযোগ, প্রথমে তাকে মদ্যপান করানো হয়। শিশুটি অচৈতন্য হয়ে পড়লে তাকে গলা কেটে খুন করা হয়। এরপর তার শরীর থেকে কিডনি, ফুসফুস ও চোখ বের করে নেওয়া হয়।

খুনের পর শিশুটির দেহ কম্বলে মুড়ে একটি গর্তে পুঁতে দেয় অভিযুক্ত। অঙ্গগুলি একটি বালতিতে ভরে আলাদা জায়গায় লুকিয়ে রাখা হয়। দিল্লি থেকে ক্রেতা আসবে বলে সে ভেবেছিল। শিশুটির পরিবারের লোকজনের খোঁজাখুঁজির সময় বাসুদেবের আচরণে সন্দেহ হয়। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সমস্ত ঘটনা প্রকাশ পায়। পুলিশ ধৃতের দেখানো জায়গা থেকে শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে।