RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

লাখপতি স্ত্রীর খোঁজ, বিয়ের আজব বিজ্ঞাপনে সমালোচনার ঝড়

রেডিটে চাকরিরত ও লাখপতি স্ত্রীর সন্ধান চেয়ে বিতর্কে জড়িয়েছেন এক যুবক।

বিয়ের জন্য রেডিটে একটি অভিনব বিজ্ঞাপন দিয়ে নেটদুনিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এক যুবক। বিজ্ঞাপনে তিনি এমন এক পাত্রী চেয়েছেন যিনি বাইরে কাজ করে বছরে অন্তত ১২ লক্ষ টাকা উপার্জন করবেন। আর এর বিনিময়ে তিনি নিজে সমস্ত ঘরের কাজ একা হাতে সামলাবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন অনুযায়ী, ওই যুবকের উচ্চতা ৬ ফুট এবং তাঁর বাবা-মা দুজনেই সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। সংসারের আর্থিক দায়িত্ব স্ত্রীর কাঁধে দিয়ে নিজে গৃহকর্তার ভূমিকা পালনের কথা বললেও তাঁর লাখপতি স্ত্রীর শর্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

এই বিজ্ঞাপন সামনে আসার পরেই নেটিজেনদের একাংশ নানা প্রশ্ন তুলেছেন। কেউ জানতে চেয়েছেন, উল্টোটা হলে কি পুরুষরা তা সহজভাবে মেনে নিতেন? আবার কারও প্রশ্ন, স্ত্রী বাইরে কাজ করলে স্বামী কি নিজের পদবি বদলাবেন বা স্ত্রীর বাড়ি গিয়ে থাকবেন?

অনেকে আবার ওই যুবককে সতর্ক করে লিখেছেন, সংসারের কাজ এবং বাইরের কাজ একসঙ্গে সামলানো সহজ নয়। লাখপতি স্ত্রী পেলেও অশান্তি এড়ানো যে কঠিন হবে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।