ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
গাড়ি রাখা নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে খুন ৪২ বছরের ব্যক্তি
হরিয়ানার ফরিদাবাদে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে প্রতিবেশীর গুলিতে খুন হয়েছেন ৪২ বছরের এক ব্যক্তি।
গাড়ি পার্কিং ও পোষ্য কুকুরকে কেন্দ্র করে বচসার জেরে খুন হলেন ৪২ বছরের পরমজিৎ ধনকড়। হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় এই ঘটনা ঘটেছে। সিঙ্গাপুর থেকে এক আত্মীয়ের বিয়েতে দেশে এসেছিলেন নিহত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গত ৬ নভেম্বর রাতে অভিযুক্ত মনু শর্মার সঙ্গে বচসা শুরু হয় পরমজিতের। বচসার মাঝেই পকেট থেকে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পরমজিতের উপর কমপক্ষে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনার সময় অভিযুক্তকে বলতে শোনা যায়, শুভ দীপাবলি, সবাইকে মেরে ফেলব। গুলিবিদ্ধ হওয়ার পরেও পরমজিৎ অভিযুক্তের কলার ধরে থামানোর চেষ্টা করেছিলেন। এক মহিলাও তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পুলিশ অভিযুক্ত মনু শর্মাকে গ্রেফতার করেছে। এই মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদাবাদের এসিপি বরুণ দহিয়া জানিয়েছেন, মৃতের পরিবার ন্যায়বিচার চাইছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। সামান্য বিষয় নিয়ে এমন কাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।