RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

১০ টাকা রিচার্জের ফাঁদে উধাও টাকা, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন সিউড়ির যুবক

চার বছর আইনি লড়াইয়ের পর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের হস্তক্ষেপে খোয়া যাওয়া টাকার তিন গুণের বেশি অর্থ ফেরত পেলেন সিউড়ির এক বাসিন্দা।

মোবাইল রিচার্জ করার একটি ছোট ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছিল ৩৫ হাজার টাকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দারস্থ হন এক ব্যক্তি। চার বছর ধরে আইনি লড়াইয়ের পর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে নিজের হারানো টাকার তিন গুণের বেশি অর্থ হাতে পেলেন বীরভূমের সিউড়ির এক বাসিন্দা। সুদ ও ক্ষতিপূরণ মিলিয়ে তাঁকে ১ লক্ষ ৯ হাজার ৯৫৭ টাকার একটি চেক দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

ঘটনাটি ঘটে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। সিম কার্ড সংক্রান্ত একটি ভুয়া বার্তার সূত্র ধরে প্রতারণার ফাঁদে পড়েন দীপেন্দু রায় নামের ওই যুবক। এক ব্যক্তি নিজেকে টেলিকম সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে তাঁকে একটি অ্যাপ নামাতে বলেন। মাত্র ১০ টাকা রিচার্জ করার পরেই তাঁর মুঠোফোন হ্যাক হয়ে যায় এবং ব্যাংক হিসাব থেকে ৩৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। সেই দিনই তিনি সিউড়ি সাইবার থানায় সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

কিন্তু স্থানীয় ব্যাঙ্কে সাহায্য চাইতে গেলে সেখান থেকে তাঁকে জানানো হয়, এই বিষয়ে তাদের কোনও দায় নেই। উলটে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার চাপ দেওয়া হয় বলে অভিযোগ। কাস্টমার কেয়ার থেকে লেনদেনের বিষয়টি গ্রাহকের ত্রুটি নয় বলে ইমেল এলেও ব্যাঙ্ক তা মানতে চায়নি। এরপর তথ্য জানার অধিকার আইনে বা আরটিআই করে সেই ইমেলের সত্যতা প্রমাণ করেন ওই ব্যক্তি।

সমস্ত দিক বিবেচনা করে জেলা ক্রেতা সুরক্ষা আদালত রায় দেয় যে ব্যাঙ্ককে মূল টাকা তো বটেই, সঙ্গে মানসিক কষ্টের জন্য অতিরিক্ত অর্থ এবং আইনি খরচের খরচও মেটাতে হবে। আদালতের নির্দেশ মতো ওই যুবককে সুদে-আসলে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা বুঝিয়ে দিয়েছে ব্যাঙ্ক কতৃপক্ষ।