RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মানিকতলায় উদ্ধার চরস, গ্রেপ্তার মাদক পাচারকারী

হিমাচল প্রদেশ থেকে লক্ষাধিক টাকার চরস কলকাতায় পাচারের সময় মানিকতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক মাদক পাচারকারী।

হিমাচল প্রদেশ থেকে লক্ষাধিক টাকার মাদক কলকাতায় নিয়ে আসার পথে মানিকতলা থানার পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ ইসমাইল ওরফে ছোটু। বাড়ি মধ্য কলকাতার তালতলা বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর কাছ থেকে ১ কিলো ৬১৪ গ্রাম চরস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

পুলিশের দাবি, উত্তর ভারতের মানালি থেকে ওই চরস সংগ্রহ করেছিলেন ওই পাচারকারী। প্রথমে মানালি থেকে মাদক নিয়ে তিনি দিল্লিতে আসেন। এরপর দিল্লি থেকে ব্যাগের মধ্যে জামাকাপড়ের নিচে চরস লুকিয়ে ট্রেনে বা অন্য পথে কলকাতায় পৌঁছন। পূর্ব কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এলাকায় এক স্থানীয় এজেন্টের হাতে ওই মাদক তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। আগে থেকেই পুলিশের কাছে গোয়েন্দা তথ্য থাকায় তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল।

মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি উত্তর ভারতে গিয়েছেন। এর আগে ১১ বছর আগে মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিলেন লালবাজারের গোয়েন্দারা। সেই মামলায় তিনি সাজাও খাটেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ফের পুরনো অপরাধমূলক কার্যকলাপে যুক্ত হন বলে অভিযোগ। পুলিশ তাঁকে জেরা করে এই চক্রের বাকি সহযোগীদের খোঁজ শুরু করেছে।