পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পণের টাকা না দেওয়ায় বিয়ে ভাঙল কোচবিহারে, আটক পাত্রের বাবা
কোচবিহারে পণের দাবি ও বিয়ের ঠিক পাঁচ দিন আগে বিয়ে ভাঙার অভিযোগে তুলকালাম কাণ্ড। পাত্রের বাবাকে আটক করল পুলিশ।
বিয়ের মাত্র পাঁচ দিন আগে পণের দাবি কেন্দ্র করে ভেস্তে গেল বিয়ের আয়োজন। কোচবিহারের বাবুরহাট সংলগ্ন খ্রিস্টান কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। পাত্রপক্ষের পণের দাবি মেনে না নেওয়ায় এবং মেয়ের নামে মিথ্যা বদনাম ছড়ানোর অভিযোগে পাত্রের বাড়িতে চড়াও হন মেয়ের পরিবারের লোকজন। পুলিশ এসে পাত্রের বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে, গত বছরই বিয়ের দিন ঠিক হয়েছিল। চলতি অগ্রহায়ণ মাসে বিয়ে হওয়ার কথা ছিল। ঘটকের মাধ্যমে সম্বন্ধ আসার পর গত জুলাই মাসে ছেলের আশীর্বাদ করা হয়েছিল। মেয়ের মায়ের দাবি, ঘর সাজানোর জিনিস দেওয়ার কথা বলা হলেও পাত্রপক্ষ নগদ টাকা দাবি করে। সে সময় তাঁরা পণ দিতে অস্বীকার করেন এবং বিষয়টি মিটে গিয়েছিল বলে ভেবেছিলেন।
কিন্তু শনিবার আচমকা ছেলের বাড়ি থেকে ফোন করে জানানো হয়, মেয়ের অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই তারা বিয়ে করতে চান না। এই খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন মেয়ের বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, পণের টাকা না দেওয়ায় এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
শনিবার সকালে মেয়ের পরিবারের লোকজন সদলবলে পাত্রের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পাত্রের বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি, পাত্রের মাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।