পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ঋতুপর্ণার বাড়ির সামনে ম্যাটাডোরের ধাক্কা, বরাতজোরে রক্ষা পেলেন অভিনেত্রী
বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি ম্যাটাডোর, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি ম্যাটাডোর। অল্পের জন্য রক্ষা পেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতির সকালে এই ঘটনাটি ঘটেছে অভিনেত্রীর বাড়ির সামনেই। ঘটনার সময় গাড়ির ভিতরে ছিলেন না তিনি। এই দুর্ঘটনায় ঋতুপর্ণার বিলাসবহুল গাড়িটির পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিকট শব্দ শুনে অভিনেত্রী ও তাঁর বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এরপর তাঁরাই ম্যাটাডোরের চালককে আটক করেন এবং গাড়িটির চাবি নিজেদের হেফাজতে নেন।
জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ম্যাটাডোরের চালক আদতে একজন ক্যাটারিং কর্মী। তাঁর কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না। বৈধ লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়া এভাবে বাণিজ্যিক গাড়ি চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, ওই সময় সেখানে কেউ থাকলে বড়সড় প্রাণহানি ঘটে যেতে পারত। সমাজের প্রতি প্রত্যেকের দায়িত্ব থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।