RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভারতমাতার অবমাননার অভিযোগ, কেষ্টপুরে মারধর করে পুলিশে সোপর্দ অভিযুক্তকে

ভারতমাতার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে কেষ্টপুরে এক মাংস ব্যবসায়ীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।

ভারতমাতার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার উত্তর ২৪ পরগনার কেষ্টপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করে বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তের নাম এনামূল মোল্লা, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। কেষ্টপুরের ২৬ নম্বর ওয়ার্ডে একটি মাংসের দোকানে সহকারীর কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি সরকারি বাসে যাওয়ার সময় যাত্রীরা ‘ভারতমাতার জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। সেই সময় পাশে থাকা অন্য একটি বাস থেকে এনামূল ‘ভারতমাতা মুর্দাবাদ’ বলে চিৎকার করেন বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

শনিবার অভিযুক্তকে কেষ্টপুর এলাকায় দেখতে পেয়ে ঘিরে ধরেন স্থানীয়রা। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। ভিডিয়োটির সত্যতা এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, এই মন্তব্য দেশের পরিপন্থী এবং এর পেছনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।