জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
পুরুষদের স্বাস্থ্য সচেতনতা, কেন উদাসীনতা বিপজ্জনক
শারীরিক উপসর্গকে অবহেলা করার প্রবণতা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, যা ডেকে আনতে পারে বড় বিপদ।
শারীরিক নানা লক্ষণকে অবহেলা করার প্রবণতা দেখা যায় বহু পুরুষের মধ্যে। ক্লান্তি, অনিদ্রা বা বারবার প্রস্রাবের মতো উপসর্গকে কাজের চাপ বা বয়সের দোষ বলে এড়িয়ে যান অনেকে। চিকিৎসকদের মতে, এই ধরনের গাফিলতি বড় বিপদের কারণ হতে পারে। প্রস্টেট ক্যানসার, হৃদরোগ কিংবা ডায়াবেটিসের মতো সমস্যা অনেক সময় নীরবে বাসা বাঁধে।
প্রস্রাবের সমস্যা বা প্রস্টেটের পরিবর্তনকে বয়সের স্বাভাবিক অঙ্গ বলে ধরে নেন অনেকে। প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের কোনো লক্ষণ থাকে না। তাই ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অন্যদিকে, যৌনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিলে অনেকেই তা চেপে যান। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে।
অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান এবং অনিয়মিত খাদ্যাভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা না করলে হৃদরোগের পূর্বভাস অনেক সময় বোঝায় যায় না। এ ছাড়াও ক্লান্তি বা অতিরিক্ত তেষ্টার মতো লক্ষণকে অনেকে গুরুত্ব দেন না। চিকিৎসকদের পরামর্শ, বয়স পঁচিশ পেরোলেই নিয়মিত রক্তে শর্করার পরীক্ষা করানো উচিত।
পারিবারিক দায়িত্ব বা কাজের ব্যস্ততার কারণে নিজের শরীরের যত্ন নিতে চান না অনেকেই। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার এবং নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্য পরীক্ষা সুস্থ থাকার মূল চাবিকাঠি।