কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যে নামছে পারদ, আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাল হাওয়া অফিস
আগামী কয়েক দিনে দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
রাজ্যজুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে কুয়াশার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। রাজ্যের মধ্যে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমের সিউড়িতে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আগামী ৭ দিন রাজ্যে আবহাওয়া সংক্রান্ত কোনও বিশেষ সতর্কবার্তা নেই।