ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ইনস্টাগ্রামে আপত্তিকর কনটেন্ট রোধে বড় পদক্ষেপ, অ্যালগরিদম বদলাচ্ছে মেটা
সোশাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট ছড়ানো রোধ করতে ভারতের ইউজারদের জন্য ইনস্টাগ্রামের অ্যালগরিদমে বড় বদল আনছে মেটা।
সোশাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট ও শিশু নির্যাতন সংক্রান্ত ছবি-ভিডিও ছড়িয়ে পড়া রুখতে বড় সিদ্ধান্ত নিল মেটা। ভারতের ইউজারদের জন্য ইনস্টাগ্রামের অ্যালগরিদমে বদল আনছে মার্ক জুকারবার্গের সংস্থা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ইউজাররা ফলো করেন না, তাদের থেকে আসা আপত্তিকর রেকমেনডেশন আর তাদের কাছে পৌঁছবে না। তবে কনটেন্ট পুরোপুরি বাতিল করা না হলেও তা কার কাছে পৌঁছবে, তার ওপর কড়াকড়ি বাড়ানো হচ্ছে।
মাসচারেক আগে কেন্দ্রের তরফ থেকে মেটাকে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। ডিপফেক, বিকৃত তথ্য এবং শিশুদের পক্ষে ক্ষতিকারক কনটেন্ট ছড়িয়ে পড়া রোধে প্রযুক্তি সংস্থার ওপর চাপ বাড়ায় কেন্দ্র। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর অবশেষে সেই দাবি মানতে চলেছে সংস্থাটি।
মাসদুয়েক আগে মেটার তরফে জানানো হয়েছিল, শিশুদের পক্ষে ক্ষতিকারক কনটেন্টগুলি তারা প্রশাসনের কাছে জানাবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রশাসন। এর আগে নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীর একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া এবং পরে তা পুনরুদ্ধার করার ঘটনা নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রক অসন্তোষ প্রকাশ করেছিল। নতুন এই নিয়ম চালুর ফলে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।