পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ছট পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা, পাণ্ডবেশ্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত প্রৌঢ়
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ছট পুজোর ঘাটে জল থেকে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ছট পুজোর ঘাটে স্নান সেরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে গাইঘাটা বস্তিপাড়া এলাকার একটি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৫৫ বছর এবং তাঁর নাম বিনোদ নুনিয়া।
সোমবার ভোর থেকেই ওই ঘাটে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছিল। প্রাতঃকৃত্য সেরে জল থেকে ওঠার সময় ভেজা মাটিতে পা পিছলে পড়ে যান ওই ব্যক্তি। নিজেকে সামলানোর জন্য তিনি পাশেই থাকা একটি বাঁশে হাত দিতে যান। কিন্তু ভুলবশত তাঁর হাত গিয়ে লাগে খোলা বৈদ্যুতিক তারে। সঙ্গে সঙ্গে তিনি তড়িদাহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ততক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে উৎসবের আনন্দ মুহূর্তে শোকে পরিবর্তিত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাশাপাশি, স্থানীয় বিডিও-ও সেখানে যান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। কীভাবে ওই তারে বিদ্যুৎ সংযোগ ছিল এবং এর পেছনে কোনও প্রশাসনিক বা আয়োজকদের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।