RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কেরলে বাস ও গাড়ির সংঘর্ষ, ঢালাই মেশিন চাপা পড়ে মৃত মুর্শিদাবাদের শ্রমিক

কেরলে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক।

কেরলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক। মানারকাট এলাকায় একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

মৃত শ্রমিকের নাম সাবির শেখ। বয়স ১৮ বছর। তিনি বহরমপুর থানার গুরুদাসপুর গ্রামপঞ্চায়েতের সালুয়া গ্রামের বাসিন্দা। রাজমিস্ত্রির কাজের জন্য তিনি ভিন রাজ্যে গিয়েছিলেন। ঢালাইয়ের কাজ শেষ করে মেশিন সমেত গাড়িতে করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার জেরে গাড়িতে থাকা ঢালাই মেশিন চাপা পড়েন সাবির।

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সাবিরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হাবিব শেখ নামের অপর এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় মালাপুরাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ভিন রাজ্যে গিয়ে এমন পরিণতি হবে, তা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।