খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
পুরোদমে অনুশীলন মিগুয়েলের, ডার্বিতে ফেরার সম্ভাবনা
ডার্বির আগে পুরোদমে অনুশীলন শুরু করলেন মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা।
ডার্বির আগে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগানের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। চার্চিল ব্রাদার্স ম্যাচের জন্য তাঁকে গোয়া নিয়ে যাননি কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। গোয়ায় ম্যাচ জয়ের পর এবার বড় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। মিগুয়েলের ফিটনেসের উপর নির্ভর করছে তিনি ডার্বিতে কতক্ষণ খেলবেন।
গত ম্যাচে দলে ফিরেছিলেন জেমি ম্যাকলারেন। তাঁর পারফরম্যান্স দলের আক্রমণভাগকে ভরসা জুগিয়েছিল। মিগুয়েল পুরোপুরি ফিট হয়ে ফিরলে দলের আক্রমণভাগের সমস্যা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবারের অনুশীলনে একাধিক কম্বিনেশন নিয়ে পরীক্ষা করেছেন কোচ। চার্চিল ম্যাচে মাঝমাঠের কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা সংশোধনের কাজ চলছে। আপুইয়া সুস্থ হয়ে ফেরায় মাঝমাঠের সমস্যা কিছুটা কমেছে। তবে ক্লান্তি থাকায় এদিন অনুশীলন করেননি দ্রাজিচ ও অভিষেক সিং।
আইএসএলের প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হারের পর টানা পাঁচটি ম্যাচ জিতেছে মোহনবাগান। চোট সারিয়ে একে একে ফুটবলাররা ফেরায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কিছুটা স্বস্তিতে রয়েছে দল।