RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাল সন্ত্রাসবাদীরা, গুলিবিদ্ধ তিন জওয়ান।

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি তল্লাশি চৌকিতে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুপুর দুটো নাগাদ বাইকে চেপে দুই জঙ্গি ঘটনাস্থলে আসে। এরপর তারা আচমকাই নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

জওয়ানরাও পালটা জবাব দেন। এর পরই হামলাকারীরা বাইক নিয়ে পালিয়ে যায়। আহত জওয়ানদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআরপিএফের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কুলগাম জেলার মিরবাজারের কাছে এই ঘটনা ঘটেছে।

গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। এর নেপথ্যে লস্কর-ই-তইবা জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পরেই গোটা উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফ যৌথভাবে।