RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, নিহত ২৪

পাকিস্তানের বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং পালটা হামলায় ৪ জন সেনা জওয়ান নিহত হয়েছেন।

পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাক সেনার মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, গত ১৩ নভেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে।

আইএসপিআর-এর তরফে জানানো হয়েছে, বালোচিস্তানের কোলপুর, কারদাগাপ এবং নুশকি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোলপুরে সেনা অভিযানে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন আত্মঘাতী জঙ্গি ছিল। এছাড়া খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি ও দত্তা খেল এলাকায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, এই অভিযানের পালটা জবাবে বিদ্রোহী শিবিরের হামলায় ৪ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। যার মধ্যে মেজর পদমর্যাদার এক আধিকারিকও রয়েছেন। পাক সেনার একটি টহলদারি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত শেষ সন্ত্রাসবাদীকে নির্মূল করা হচ্ছে, এই অভিযান চলবে। এর আগে গত কয়েক দিনে একাধিক অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে দাবি করা হয়েছে।