RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতায় বিয়ে, কালিম্পংয়ে অনুষ্ঠান, মিমির সাজো সাজো রব পান্ডাপাড়ায়

চলতি মাসেই কলকাতায় বিয়ে এবং কালিম্পংয়ে তিন দিনের অনুষ্ঠান অভিনেত্রী মিমি চক্রবর্তীর, জলপাইগুড়ির মামার বাড়িতে আনন্দের আবহ।

চলতি মাসেই বসছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিয়ের আসর। জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় মিমির মামার বাড়িতে চলছে প্রস্তুতি। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান এবং তার আগে বাগদান ও মাঙ্গলিক অনুষ্ঠান হবে। এরপর আগামী ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে তিন দিনের অনুষ্ঠান রয়েছে। মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন, একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হচ্ছে।

জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমি ও তাঁর মামার বাড়ি পাশাপাশি অবস্থিত। কলেজ জীবন থেকে মিমি কলকাতায় বসবাস করলেও জলপাইগুড়ির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। বিয়ের খবরে আনন্দিত পান্ডাপাড়ার চক্রবর্তী পরিবার। মামার বাড়ির পরিবারের সদস্য সংখ্যা পঞ্চাশের বেশি। দুই জায়গায় অনুষ্ঠান থাকায় পরিবার বিভক্ত হয়েছে দুই ভাগে। একদল থাকবেন কলকাতায় এবং অন্য দল যাবেন কালিম্পংয়ে।

ইতিমধ্যে মিমির বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কার্ডে অভিনেত্রীর তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুর ছবি রয়েছে। মিমির জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম প্রকাশ্যে এলেও পরিবারের সদস্যরা এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি। মামার বাড়ির দাবি, মিমি তাঁদের অত্যন্ত আদরের এবং তাঁর পছন্দমতোই সমস্ত আয়োজন করা হচ্ছে।