ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
উত্তরাখণ্ডে খাদে মিনিভ্যান, মৃত আট
উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়ালে মিনিভ্যান খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন।
উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় একটি মিনিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় আটজনের প্রাণ গিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রিখনিখাল এলাকার কালওয়াড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ১২ জন আরোহী নিয়ে গাড়িটি রিখনিখাল থেকে ভাঙ্গালওয়াড়ের দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি প্রায় ৩০০ মিটার গভীর গিরিখাতে গড়িয়ে পড়ে। থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রিখনিখাল থানা এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের দল। তারা উদ্ধারকাজ শুরু করে চারজন আহতকে খাদ থেকে তুলে রিখনিখালের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পাশাপাশি আটটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন কান্তি দেবী, রেখা দেবী, চালক অনিল দেবরাদা, সুমিত্রা দেবী, সুনিতা দেবী, ধনেশ্বরী দেবী, সরোজনী দেবী এবং রজনী দেবী। তাঁরা সকলেই ভাঙ্গালওয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন। এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ চালাতে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। গুরুতর আহতদের আকাশপথে উন্নত হাসপাতালে স্থানান্তরের কথাও বলেছেন তিনি।