পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ইন্দাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক কিশোর
বাঁকুড়ার ইন্দাসে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন নির্যাতিতার মা।
চকোলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দাসে। ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্ত কিশোর পালিয়ে গেলেও পরে তাকে পাকড়াও করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় শিশুটির মা পুকুরে কাপড় কাচছিলেন। সেই সুযোগে প্রতিবেশী এক কিশোর শিশুটিকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ। মেয়ের কান্নার আওয়াজ পেয়ে মা সেখানে পৌঁছলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর মেয়েকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান মা। অভিযোগ, সেখানে উল্টে মা ও মেয়ের উপর হামলা চালায় অভিযুক্তের পরিবারের লোকজন। চলে মারধর ও হেনস্থা।
পরে ইন্দাস থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার মায়ের দাবি, আগেও একাধিকবার এই ধরনের কাজ করেছে ওই কিশোর। অভিযুক্ত ও তার পরিবারের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।