পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পড়তে চাই, বিয়ের বিরুদ্ধে থানায় নাবালিকা
পড়াশোনা করতে চাওয়ার আকুতি নিয়ে হরিহরপাড়া থানায় হাজির হল মুর্শিদাবাদের এক নাবালিকা বধূ।
পড়াশোনা চালিয়ে যাওয়ার আর্তি জানিয়ে ফের থানায় গেল এক নাবালিকা। মুর্শিদাবাদের হরিহরপাড়া কাজিপাড়ার বাসিন্দা আসিফা খাতুন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির মাঝে জোর করে শ্বশুরবাড়িতে পাঠানোর চেষ্টার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। স্কুল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বাবা-মা ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছমাস আগে দশম শ্রেণির ছাত্রী আসিফার অমতে তার বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পরেই শ্বশুরবাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। চিকিৎসার পর বাবা-মা তাকে বাড়িতে ফিরিয়ে আনলেও সম্প্রতি তাকে ফের শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড় শুরু হয়। শনিবার স্কুলের শিক্ষিকাদের কাছে কান্নাকাটি করে বিষয়টি জানায় ওই নাবালিকা। প্রশাসনের কাছে তার আকুল আবেদন, তাকে যেন সরকারি হোমে রেখে হলেও পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে আসিফার পরিবার বা শ্বশুরবাড়ির কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।