পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
নওদায় গয়নার লোভে বালিকাকে খুন, ধৃত চৌদ্দ বছরের কিশোরী
মুর্শিদাবাদের নওদায় গয়নার লোভে ৯ বছরের এক বালিকাকে গলা টিপে খুনের অভিযোগ উঠল ১৪ বছরের এক কিশোরীর বিরুদ্ধে।
মুর্শিদাবাদের নওদায় গয়নার লোভে এক নবম বর্ষীয় বালিকাকে খুনের অভিযোগ উঠল চোদ্দ বছরের এক কিশোরীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ঘরের চৌকির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত কিশোরীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার নওদা থানার বালি গ্রামের মধ্যমপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বালিকা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বালিকার বাবা-মা চিকিৎসার কারণে বাইরে যান। সেই সুযোগে অভিযুক্ত কিশোরী খেলার ছলে বালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযুক্ত কিশোরীর মা ভিনরাজ্যে কাজ করেন এবং বাড়িতে সে একাই থাকত।
বিকেলে বাবা-মা বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে নওদা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশের একটি দল এলাকায় তল্লাশি শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে ওই বালিকাকে অভিযুক্ত কিশোরীর সঙ্গে দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার রাতে পুলিশ ওই কিশোরীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। রাত ১২টা নাগাদ ঘরের চৌকির নিচ থেকে বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বালিকার শরীর থেকে সোনার কানের দুল ও রুপোর গয়না উধাও ছিল। পরে ওই ঘর থেকেই গয়নাগুলি উদ্ধার করা হয়। গয়নার লোভেই ওই বালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুক্রবার অভিযুক্ত কিশোরীকে বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয়েছে।