কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
এআই দিয়ে মহিলাদের ছবি বিকৃতির অভিযোগ, হাওড়ায় নাবালককে নগ্ন করে ঘোরানোর অভিযোগ
হাওড়ার ডোমজুড়ে মহিলাদের ছবি এআই দিয়ে বিকৃত করার অভিযোগে এক নাবালককে নগ্ন করে ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে।
মহিলাদের ছবি এআই ব্যবহার করে বিকৃত করার অভিযোগে এক নাবালককে নগ্ন করে ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। হাওড়ার ডোমজুড় থানার কাটলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। রবিবারে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, ওই নাবালক এলাকার মহিলাদের ছবি জোগাড় করে তা এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করত বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই রবিবারে দুপুরে তার বাড়িতে চড়াও হন প্রতিবেশীরা। তাকে মারধর করে বাড়ি থেকে বের করে আনা হয়। এর পরে তাকে নগ্ন করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মোবাইল পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।