RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

আন্দুলে রাসমেলায় জয়রাইডে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু নাবালকের, উঠছে গাফিলতির অভিযোগ

হাওড়ার আন্দুলের রাসমেলায় জয়রাইডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নাবালক শ্রমিকের। পরিবারের অভিযোগ, জোর করে তাকে কাজে লাগিয়েছিলেন দোলনার মালিক।

হাওড়ার আন্দুলে রাসমেলায় জয়রাইডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পনেরো বছর বয়সি এক শ্রমিকের। নিহতের নাম সুরজ সাউ। সে হুগলির শ্রীরামপুরের ঘোড়ামারা চাকলাপাড়ার বাসিন্দা এবং রিষড়ার একটি হিন্দি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায় মেলা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, জোর করে ওই নাবালককে কাজে লাগিয়েছিলেন জয়রাইডের মালিক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে সুরজের বাবা তাদের ছেড়ে চলে যান। মা ও ভাইয়ের সঙ্গেই থাকত সে। বুধবার সন্ধ্যায় মেলা চলাকালীন জয়রাইডে কাজ করার সময় তড়িদাহত হয় সুরজ। তাকে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিহত নাবালকের জেঠু কুন্দন সাউয়ের অভিযোগ, জয়রাইডের মালিক কৈলাস প্রসাদ জোর করে বাড়ি থেকে ডেকে এনে সুরজকে দিয়ে কাজ করাচ্ছিলেন। তাঁর আরও দাবি, বৈদ্যুতিন তারে ত্রুটির কথা আগেই এক ইলেকট্রিশিয়ান দোলনার ব্যবসায়ীকে জানিয়েছিলেন। তা সত্ত্বেও সতর্কতা নেওয়া হয়নি। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। সাময়িকভাবে মেলা বন্ধ রাখা হয়েছে।