ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মহারাষ্ট্রে মন্ত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সঞ্জয় শিরসাতের
মহারাষ্ট্রে মন্ত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলার পর দেরিতে পৌঁছনোয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শিবসেনা নেতা সঞ্জয় শিরসাত।
মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা সঞ্জয় শিরসাতের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়েও দীর্ঘ সময় পর পুলিশ পৌঁছনোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই মন্ত্রী। গত বৃহস্পতিবার রাতে তিন জন মদ্যপ যুবক মন্ত্রীর বাড়ির সামনে এসে পাথর ও কাঁচের বোতল ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। মন্ত্রীর অভিযোগ, ঘটনার সময় পুলিশকে ফোন করা হলেও প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। ডিজিপির হস্তক্ষেপে ডিসিপি পৌঁছন। এরপর শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন সঞ্জয় শিরসাত। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ খুন হওয়ার পর কি পুলিশ আসবে? শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রীর আরও দাবি, পুলিশের মদতেই শহরে অবৈধ জুয়া এবং মাদকের কারবার চলছে। এই সমস্ত অবৈধ কারবারের তালিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর বাড়ির ওপর হামলার ঘটনায় রোহিত ভুটালে, শিবম গায়কোয়াড় এবং প্রতীক নামের তিন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা এবং সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর পাশাপাশি পুলিশ কমিশনারের বদলির দাবিও তুলেছেন মন্ত্রী সঞ্জয় শিরসাত।