RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুলিশের পোশাকে বাড়িতে ঢুকে ডাকাতি, বহরমপুরে লুট নগদ টাকা ও সোনা

পুলিশের পোশাক পরে সিআইডি পরিচয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনা লুটের অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে।

মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশের পোশাক পরে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা ও সোনা লুটের অভিযোগ উঠল। খাগড়াঘাট রেলস্টেশন লাগোয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিউল শেখ নামে এক স্থানীয় মুদি ব্যবসায়ী বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিউল শেখের দাবি অনুযায়ী, রবিবার রাতে একটি চারচাকা গাড়িতে করে ৬ থেকে ৭ জন তাঁর বাড়ির সামনে আসেন। তাঁদের গায়ে ছিল পুলিশের উর্দি এবং কিছু জন ছিলেন সাধারণ পোশাকে। তাঁরা নিজেদের সিআইডি আধিকারিক বলে পরিচয় দেন। বাড়িতে ঢুকেই মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং রবিউলের পরিবারের সদস্যদের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এর পর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লক্ষ নগদ টাকা এবং ৫০ গ্রামের বেশি সোনার গয়না লুট করে পালিয়ে যান তাঁরা।

অভিযোগ পাওয়ার পর বহরমপুর থানার পুলিশ রবিউলের বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে। তদন্তকারীদের সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে কিছু দূরে বেশ কয়েকটি ভাঙা মোবাইল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে পরিচিত কেউ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। অভিযুক্তদের চিহ্নিত করার জন্য পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।