ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
পাঁচ বছর ধরে নিখোঁজ যুবতী, এআই-এর সাহায্য নিয়ে খোঁজ পেল পুলিশ
২০০৭ সালের পুরনো স্কুলের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে পাঁচ বছর ধরে নিখোঁজ থাকা এক যুবতীকে রাজস্থান থেকে উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ।
পাঁচ বছর আগে নিখোঁজ হওয়া এক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে উদ্ধার করল পুলিশ। ২০০৭ সালে তোলা স্কুলের একটি পুরনো ছবি দিয়ে যুবতীর বর্তমান বয়সের সম্ভাব্য ছবি তৈরি করা হয়। সেই ছবি ছড়িয়ে দেওয়ার পরেই রাজস্থান থেকে ওই যুবতীকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা মঞ্জু খারওয়ার প্রায় পাঁচ বছর আগে নিখোঁজ হন। তাঁর মা কিসমত দেবী চলতি বছরের জুলাই মাসে থানায় এফআইআর দায়ের করেন। তবে পরিবারের কাছে যুবতীর কোনও সাম্প্রতিক ছবি ছিল না। ২০০৭ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ের একটি ছবি পুলিশকে দেয় পরিবার।
তদন্তে নেমে বিপাকে পড়ে পুলিশ। এরপর বাবহানি থানার কনস্টেবল বিজয় পাণ্ডে চ্যাটজিপিটি এবং গুগল জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন। যুবতীর ছোটবেলার ছবি এবং পরিবারের সদস্যদের মুখের গড়নের ওপর ভিত্তি করে বর্তমান বয়সের একটি সম্ভাব্য ছবি তৈরি করেন তিনি। সেই ছবি পরিবারের সদস্যদের দেখানো হলে তাঁরা তা মঞ্জুর সঙ্গে মিল রয়েছে বলে জানান।
গত ১৬ অক্টোবর পুলিশের কাছে খবর আসে, রাজস্থানের চুরু জেলার হামিরবাস এলাকায় রয়েছেন ওই যুবতী। এরপরেই সেখানে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি মঞ্জুকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি স্বামী ও সন্তান নিয়ে সেখানে সংসার করছেন।
এই অভিনব কাজের জন্য কনস্টেবল বিজয় পাণ্ডেকে পুরস্কৃত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। রাজ্য পুলিশের ডিজির তরফে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোনভদ্রের পুলিশ সুপার কার্যালয় থেকেও তাঁকে পুরস্কৃত করা হয়েছে।