RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

চার দিন নিখোঁজ থাকার পর, নয়ানজুলিতে মিলল যুবকের দেহ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চার দিন ধরে নিখোঁজ থাকা এক রাজমিস্ত্রির দেহ উদ্ধার হলো নয়ানজুলি থেকে।

চার দিন ধরে নিখোঁজ থাকার পর একটি নয়ানজুলি থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

মৃত যুবকের নাম শিবলু সরকার। তিনি বালুরঘাট ব্লকের চকভৃগুর ময়ামারি এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক গত সোমবার কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির কাছে একটি কালভার্টের নিচে নয়ানজুলিতে একটি মৃতদেহ দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি শিবলু সরকারের বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা বিপ্লব মণ্ডল জানান, শিবলু ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন এবং তাঁর কোনও শত্রু ছিল না। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।