বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ কিশোর, কেটেছিল ৬ দিন
অস্ট্রেলিয়ার ঘন জঙ্গল থেকে ছ’দিন পর এক ১৭ বছরের কিশোরকে উদ্ধার করল পুলিশ, চরম বিপদের মুখেও শুধু জল ও চিপস খেয়ে বেঁচে ছিল সে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার জঙ্গল থেকে নিখোঁজ হওয়ার ছ’দিন পর উদ্ধার করা হল ১৭ বছরের এক কিশোরকে। গত ৬ নভেম্বর মেলবোর্ন থেকে ১৮০ কিলোমিটার পূর্বে ওয়ালহাল্লার বুশল্যান্ডে বন্ধুর সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিল উইলিয়াম নামের ওই কিশোর। পাহাড় থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সে এমন এক জায়গায় আটকে পড়ে যেখান থেকে আর ফিরতে পারেনি। নিখোঁজ থাকার সময় তার কাছে কোনও মোবাইল ফোন ছিল না। মায়ের দেওয়া এক প্যাকেট চিপস দুই দিন খাওয়ার পর বাকি দিনগুলিতে শুধু ঝরনার জল খেয়ে বেঁচে ছিল সে।
গত ১২ নভেম্বর ভিক্টোরিয়া পুলিশের একটি হেলিকপ্টার থেকে তল্লাশির সময় এক ঝরনারধারে তাকে দেখতে পাওয়া যায়। রোদে পুড়ে যাওয়া ও অনাহারে শীর্ণকায় উইলিয়াম হেলিকপ্টার দেখে আনন্দে বাতাসে ঘুষি ছোড়ে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে বড় কোনও আঘাত নেই।
উদ্ধারের পর উইলিয়ামের মা এলিজাবেথ বার্কলে ছেলেকে জড়িয়ে ধরে জানান, সে যেন এখন থেকে আজীবনের জন্য ঘরবন্দি থাকে। অন্যদিকে উইলিয়ামও জানিয়েছে, সে আর কখনও বাড়ি থেকে বের হবে না। ভিক্টোরিয়া পুলিশের আধিকারিক জেসন বেনবো জানান, কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরে পুলিশকর্মীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।