পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ধর্ষণকাণ্ডে ধৃত বিধায়ক পরেশরাম, গোপন তথ্য ফাঁসের অভিযোগে জালে সিভিক
ধর্ষণকাণ্ডে ধৃত বিধায়ক পরেশরাম দাসকে তথ্য সরবরাহের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণ ও প্রতারণার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। মুম্বই হয়ে বিদেশে পালানোর চেষ্টার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিমানবন্দর থেকে তাঁর ব্যাগ উদ্ধার করে লক্ষাধিক টাকা ও একাধিক মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন এবং পুলিশের গোপন তথ্য বিধায়কের কাছে পাচার করতেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ধৃত বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রয়েছে। সিআইডি তাঁকে দু’বার তলব করেছিল এবং তিনি একবার হাজিরাও দেন। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তাঁর খোঁজ মিলছিল না। ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ ও এসওজি টিম বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করে।
তদন্তকারী আধিকারিকদের অনুমান, গ্রেপ্তারি এড়াতেই বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিধায়কের। এই পরিকল্পনা বাস্তবায়নে সিভিক ভলান্টিয়ার বিকাশ তাঁকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। পুলিশ ধৃত দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছে এবং কীভাবে এই তথ্য পাচার হতো তা খতিয়ে দেখছে।