পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাত পার করেও তারস্বরে বাজনা, স্কুটি চালিয়ে মণ্ডপে গিয়ে বন্ধ করালেন বিধায়ক
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তারস্বরে মাইক ও বাজনা বাজায় গভীর রাতে স্কুটি নিয়ে মণ্ডপে পৌঁছে তা বন্ধ করালেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী।
নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তারস্বরে মাইক ও বাজনা বাজানোর অভিযোগ উঠল। সেই অভিযোগ পেয়ে গভীর রাতে স্কুটি নিয়ে শহরের বিভিন্ন মণ্ডপে পৌঁছে যান স্থানীয় বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। তিনি নিজেই হাত জোড় করে পুজো উদ্যোক্তাদের মাইক ও বাজনা বন্ধ করার অনুরোধ করেন।
গত সোমবার রাতে বিধায়কের কাছে একাধিক অভিযোগ আসে যে, রাতের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপে উচ্চস্বরে মাইক ও বাজনা বাজছে। এরপরই বাড়ি থেকে বেরিয়ে স্কুটি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। বিভিন্ন মণ্ডপে সটান উপস্থিত হয়ে তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং হাত জোড় করে উৎসবের নিয়ম মেনে মাইক বন্ধ করতে বলেন।
মাঝরাতে বিধায়ককে এ ভাবে স্কুটি চালিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখে অবাক হন উদ্যোক্তা ও সাধারণ মানুষ। বিধায়কের সেই অনুরোধ ফেলতে পারেননি পুজো কমিটির সদস্যরা। অবিলম্বে মাইক ও বাজনা বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে নিয়মকানুন কঠোরভাবে পালন করা হবে বলেও বিধায়ককে আশ্বাস দিয়েছেন তাঁরা।
উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও স্বস্তির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর মতে, শহরে বহু রোগী ও বয়স্ক মানুষ রয়েছেন। তাঁদের সমস্যার কথা মাথায় রেখেই শব্দদূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।