বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
দিলজিতের মুম্বই কনসার্ট বাতিলের দাবি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার
মাদক সেবন ও নিরাপত্তার আশঙ্কায় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন মুম্বই কনসার্ট বাতিলের দাবি জানাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের নির্ধারিত মুম্বই কনসার্ট বন্ধ করার দাবি তুলল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মাদক সেবন এবং এলাকায় যানজট সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে মুম্বই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে দলটি। আগামী শুক্রবার এই সঙ্গীতানুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, যে স্থানে অনুষ্ঠানটি হওয়ার কথা, সেখানে অতীতেও মাদক ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। দলটির তরফ থেকে পুলিশকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২২ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে আরেকটি অনুষ্ঠানে মাদক পরীক্ষার পর কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছিল। তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছে দলটি।
এ ছাড়া কনসার্টের জেরে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠান বাতিল না হলে স্থানীয় লোকজনকে নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তারদেও থানায় এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এবং কেন এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
চলতি বছর মিউজিক্যাল টুর ঘিরে একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছেন এই গায়ক। এর আগে বিভিন্ন শহরে তাঁর অনুষ্ঠান নিয়ে হুমকি ও জটিলতা তৈরি হয়েছিল। তবে সব বাধা অতিক্রম করে কনসার্ট চালিয়ে যাচ্ছেন গায়ক।