RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

স্যাম পিত্রোদা ও নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়, রাজনৈতিক মহলে শুরু জল্পনা

রাজনৈতিক মতপার্থক্য ভুলে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা।

রাজনৈতিক মতপার্থক্যের মাঝেই দীপাবলি এবং গুজরাটি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। এক্স হ্যান্ডেলে স্যাম পিত্রোদাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদি তাঁকে ‘স্যাম ভাই’ বলে সম্বোধন করেন। পিত্রোদার স্ত্রী অঞ্জনা বেনকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুস্বাস্থ্য ও আগামী দিনগুলির জন্য শুভকামনা জানান তিনি।

কয়েক দিন আগেই একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদিকে ‘গুজরাটি বন্ধু’ বলে অভিহিত করেছিলেন স্যাম পিত্রোদা। তিনি জানান, ব্যক্তিগত স্তরে মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং তিনি মোদির কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা করেন। তবে আদর্শগত ও নীতিগত ক্ষেত্রে যে মোদির সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে, সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন কংগ্রেসের এই প্রবাসী শাখার প্রধান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই নেতার এই উষ্ণ সম্পর্ক এবং শুভেচ্ছা বিনিময় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত যখন বিভিন্ন ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের দ্বন্দ্ব চরমে, তখন পিত্রোদার মন্তব্য ও মোদির এই পালটা শুভেচ্ছা বার্তা অস্বস্তিতে ফেলেছে কংগ্রেস শিবিরকে। অতীতেও নানা মন্তব্যের জেরে দল বিব্রত হয়েছে, এ বারও তার ব্যতিক্রম হয়নি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।