RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

কোয়াড বৈঠকে ভারসাম্যের নীতি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার ওপর জোর মোদির

কোয়াড শীর্ষ সম্মেলনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ভূ-রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর এবং ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পরেই এই সম্মেলন অনুষ্ঠিত হল। কোয়াড বৈঠকে মোদি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বাসযোগ্য সমাধানের ওপর জোর দেন। তিনি জানান, এই অঞ্চলে পারস্পরিক আস্থার সম্পর্ক অত্যন্ত জরুরি।

চার দেশের এই জোটে সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলাকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, কোয়াড সমগ্র অঞ্চলের জন্য একটি বিশ্বস্ত অংশীদারিত্ব হিসেবে কাজ করবে।

বৈঠকে দেশগুলির মধ্যে নিয়মিত যোগাযোগের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। মোদি জানান, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা পাঁচবার বৈঠকে বসেছেন। কোয়াডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব নেতার অবদানকে ধন্যবাদ জানান তিনি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, চিনের প্রভাব মোকাবিলায় আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে যেমন সম্পর্ক বজায় রাখছে ভারত, তেমনই প্রতিবেশী চিনের সঙ্গেও সুসম্পর্ক রাখতে সচেষ্ট।