RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অবিকল মোদি, অগ্রদ্বীপে কর্নাটকের সদানন্দকে ঘিরে ভিড়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে কর্নাটকের এক বৃদ্ধকে ঘিরে শোরগোল পড়ল পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে।

প্রধানমন্ত্রীর মতো দেখতে এক ব্যক্তিকে ঘিরে শোরগোল পড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে। বৃহস্পতিবার অগ্রদ্বীপের রাস্তায় তাঁকে হাঁটতে দেখে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। পরে জানা যায়, তিনি আসল প্রধানমন্ত্রী নন, কর্নাটকের বাসিন্দা সদানন্দ নায়েক। অবিকল নরেন্দ্র মোদির মতো দেখতে হওয়ায় তিনি প্রধানমন্ত্রী সেজে দেশভ্রমণে বেরিয়েছেন।

সদানন্দ নায়েকের বয়স ৬৭ বছর। তাঁর বাড়ি কর্নাটকের উচুপি জেলার বোম্মারাবেটু গ্রামে। পেশায় প্রাক্তন রাঁধুনি সদানন্দ বিভিন্ন হোটেল ও বেসরকারি হাসপাতালে রান্নার কাজ করতেন। পরিচিতদের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর চেহারার মিলের কথা শুনে তিনি আর দাড়ি কাটেননি। চাকরি থেকে অবসর নেওয়ার পরেই তিনি মোদির সাজে দেশভ্রমণ শুরু করেন। চারধাম, গয়া, কাশী, দিল্লি, হরিয়ানা ও ওড়িশা ঘোরার পরে তিনি বাংলায় এসেছেন।

মুর্শিদাবাদের হাজারদুয়ারি ও নদিয়ার নবদ্বীপ ঘুরে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে পৌঁছন সদানন্দ। স্থানীয় এক বাসিন্দা জয়দীপ রায়ের আমন্ত্রণে তিনি অগ্রদ্বীপে আসেন। তাঁর পরনে ছিল মোদি কোট এবং কুর্তা-পাজামা। তাঁর চলাফেরা ও হাত নাড়ার ভঙ্গি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। অগ্রদ্বীপের রাস্তায় ঘোরার সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে নিজেদের বিভিন্ন সমস্যার কথাও জানান। সদানন্দ জানান, বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় এবং মানুষ ভালোবেসে তাঁকে আর্থিক সাহায্যও করেন।