খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আইএসএল ডার্বির আগে পরিসংখ্যান, এগিয়ে মোহনবাগান
আইএসএল ডার্বির আগে পরিসংখ্যানে মোহনবাগান এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গলকে।
ফুটবলে ফের একবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। চলতি মরশুমে এটি পঞ্চম ডার্বি হতে চলেছে। এই মেগা ম্যাচের আগে দুই দলেই চোট-আঘাতের সমস্যা রয়েছে। তবে আইএসএলের সামগ্রিক পরিসংখ্যানে সবুজ-মেরুন শিবির এগিয়ে রয়েছে।
আইএসএলে এ পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৯টি ম্যাচে জিতেছে মোহনবাগান। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আইএসএলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি। মোহনবাগান আইএসএলে মোট ২৪টি গোল করেছে এবং ইস্টবেঙ্গল করেছে ৬টি গোল।
যদিও সাম্প্রতিক পারফরম্যান্স অন্য কথা বলছে। গত কয়েকটি ডার্বিতে দুই দলই সমানে সমানে লড়েছে। শেষ পাঁচটি ডার্বির মধ্যে মোহনবাগান দুটি জিতেছে, ইস্টবেঙ্গল জিতেছে ডুরান্ড কাপের ফাইনাল এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
উভয় দলের কোচ ও ফুটবলাররা এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বড় ম্যাচের দিনে অতীত পরিসংখ্যান বা ফর্মের চেয়ে রণকৌশল ও স্নায়ুর চাপ সামলানোই আসল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।