RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

মহিলা ফুটবল দল গড়ার প্রস্তুতি চলছে, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের

মহিলাদের ফুটবল দল গঠনের জন্য আলাদা পরিকাঠামো তৈরির কাজ চলছে বলে জানাল মোহনবাগান।

মহিলা ফুটবল দল গড়ার ক্ষেত্রে পরিকাঠামো তৈরির কাজ চলছে বলে জানাল সবুজ-মেরুন শিবির। ক্লাব তাঁবুতে কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান শীর্ষকর্তারা। তাঁদের বক্তব্য, ড্রেসিংরুম সহ একটি আলাদা মাঠের ব্যবস্থা করার জন্য ফুটবল কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। পরিকাঠামো প্রস্তুত হলেই মহিলাদের দল নামানো হবে বলে জানানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আইএসএলে প্রতিপক্ষ দলের ম্যাচ পিছিয়ে যাওয়া নিয়েও তির্যক মন্তব্য করেন ক্লাব কর্তারা। যুবভারতীতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যাচ স্থগিত রাখা নিয়ে নাম না করে লাল-হলুদ শিবিরকে কটাক্ষ করা হয়। কর্মকর্তাদের দাবি, সরকারের পক্ষ থেকে অনুশীলনের জন্য নির্দিষ্ট দিন বরাদ্দ করা থাকে। অন্য ক্লাবের ফর্ম ভালো না থাকায় ম্যাচ পিছিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। যদিও প্রযুক্তি উন্নত হওয়ায় এই ধরনের অনুষ্ঠানে মাঠের ক্ষতি হয় না বলেই মনে করছে ক্লাব।

চলতি আইএসএলে দল বেশ ভালো জায়গায় রয়েছে। পাঁচ ম্যাচে বারো পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে অবস্থান করছে সবুজ-মেরুন। টানা চারটে ম্যাচে জয় পেয়েছে দল। খেলার ধরন নিয়ে সমালোচনা থাকলেও কর্তাদের স্পষ্ট বার্তা, দলের পারফরম্যান্সের চেয়ে তিন পয়েন্ট অর্জন করাটাই বেশি গুরুত্বপূর্ণ। একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছে দল।