RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

সকালে কুয়াশার চাদর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে কুয়াশায় ঢাকল কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা, সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কেটে যাওয়ার পর রবিবার রোদের দেখা মিলেছিল। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া এবং দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের বাকি দিনগুলিতে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং শীতের আমেজও ফিরবে।

আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রকোপ বেশি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মঙ্গলবারের পর সেখানেও আবহাওয়া উন্নত হবে এবং তাপমাত্রা কমবে।

সোমবার কলকাতায় কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। শহরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে কলকাতার তাপমাত্রাও কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।