RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীক ফের তলব এনআইএ-র

মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীকে আগামী সপ্তাহে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা।

মোথাবাড়ি হিংসার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকে ফের তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আগামী সপ্তাহে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে এসআইআর পর্ব চলাকালীন উত্তেজনার সৃষ্টি হয়। নথিপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগে বিডিও অফিসের ভিতর বিচারকদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিচারকদের উদ্ধার করতে গেলে তাঁদের গাড়িতেও হামলা চালানো হয়। মহিলা বিচারকসহ একাধিক বিচারককে হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। তদন্তে নেমে মোট ১২টি মামলা রুজু করে কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে, যেখানে মোট ২৩ জন অভিযুক্তের নাম রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মীকে বাধা দেওয়া, হামলা, খুনের চেষ্টা এবং বেআইনিভাবে আটকে রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে সেবার তিনি কলকাতার অফিসে হাজিরা দিয়েছিলেন।