পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু মা ও মেয়ের
পূর্ব বর্ধমানে খানা জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের।
পূর্ব বর্ধমানে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর কন্যা। নিহতদের নাম পূজা দাস ও পল্লবী দাস। তাঁরা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে তাঁরা বাপের বাড়ি থেকে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, খানা জংশন এলাকায় সিগন্যাল না দেখে রেললাইন পার হচ্ছিলেন তাঁরা। সেই সময় ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস চলে আসে এবং তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। খবর পেয়ে বর্ধমান স্টেশন থেকে জিআরপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করেন। পরে মৃতদের পরিবারের লোকজন সেখানে পৌঁছন এবং দেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য দেহগুলি বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।