RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ছোট ছেলেকে গলা টিপে খুন মায়ের, গ্রেপ্তার অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ছোট ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। দ্বিতীয় পক্ষের দু বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম কেতকী হালদার। সোমবার রাতে উত্তর দুর্গাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতকীর আগে একটি বিয়ে হয়েছিল এবং তার একটি ১২ বছরের পুত্রসন্তান রয়েছে। প্রথম সংসারের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর রমেশ হালদারের সঙ্গে তিনি সংসার শুরু করেন। তাদের সংসারে জন্ম নেয় দু বছরের রক্তিম হালদার।

অভিযোগ উঠেছে, সোমবার রাতে বড় ছেলের সামনেই ছোট ছেলেকে গলা টিপে হত্যা করেন কেতকী। পরে শিশুটির দেহ পাশের একটি পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। গোটা ঘটনাটি কাউকে না জানানোর জন্য বড় ছেলেকে হুমকি দিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু ভয়ে শিউরে ওঠা কিশোর সেই কথা পরিবারের বাকিদের জানিয়ে দেয়।

পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং কেতকীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে ডায়মন্ডহারবার আদালতে তোলা হয়। তদন্তকারীরা মনে করছেন, প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠার কারণেই এই চরম পদক্ষেপ করে থাকতে পারেন ওই মহিলা। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে।