পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
লালগোলায় পুকুরে ফেলে দুই মাসের শিশুকে খুন, গ্রেপ্তার মা
পারিবারিক অশান্তির জেরে দুই মাসের শিশুপুত্রকে পুকুরে ছুড়ে ফেলে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত।
মুর্শিদাবাদের লালগোলায় নিজের দুই মাসের পুত্রসন্তানকে পুকুরে ছুড়ে ফেলে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে একটি পারিবারিক গোলমাল শুরু হয়। এর কিছু সময় পরেই ওই গৃহবধূর দুই মাসের সন্তান নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, শিশুটিকে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
এরপর পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত লালগোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
এই ঘটনায় মৃত শিশুর ঠাকুমা লালগোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, জেরার মুখে ওই নারী নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। মানসিক অবসাদ ও পারিবারিক বিরোধের কারণেই এই চরম পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।