ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ছবি, অস্বস্তিতে কংগ্রেস নেতা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁর সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা অজয় সিং।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গ্রেপ্তারি দাবি করে আসছে কংগ্রেস। এর মধ্যেই মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা অজয় সিং একটি বিয়েবাড়িতে জ্ঞানেশ কুমারের সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে হাত শিবির। যদিও এই সাক্ষাতকে সম্পূর্ণ কাকতালীয় বলেই দাবি করেছেন মধ্যপ্রদেশের ওই কংগ্রেস নেতা। তবে তাঁর এই সাফাই সত্ত্বেও বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। এই বিষয়ে দলের অন্দরেও নানা গুঞ্জন শুরু হয়েছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন দল লাগাতার আক্রমণ শানাচ্ছে, ঠিক সেই সময়েই দলের এক নেতার এমন ছবি সামনে আসায় বিব্রত রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।