বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণে সীতার অ্যাকশন দৃশ্য, তীব্র ক্ষোভপ্রকাশ মুকেশ খান্নার
আসন্ন ছবি রামায়ণে সীতার চরিত্রের অ্যাকশন দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা করলেন অভিনেতা মুকেশ খান্না।
আসন্ন ছবি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে সাই পল্লবীর অ্যাকশন দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই দৃশ্য দেখে ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেতা মুকেশ খান্না। নীতেশ তিওয়ারি পরিচালিত চার হাজার কোটি টাকা বাজেটের এই মহাকাব্য ছবির একটি দৃশ্যে সীতাকে অস্ত্র হাতে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। আর তা নিয়েই চটেছেন একাংশ দর্শক ও অভিনেতা।
মুকেশ খান্নার প্রশ্ন, বাল্মিকীর রামায়ণে সীতার কোনও যুদ্ধ করার উল্লেখ নেই। তিনি মর্যাদা পুরুষোত্তমের স্ত্রী এবং তাঁর মধ্যে সেবাভাব ছিল, কোনও যোদ্ধা রূপ ছিল না। সীতা যদি নিজেই যোদ্ধা হতেন, তবে রাবণ তাঁকে হরণ করতে পারত না বলেও মন্তব্য করেছেন তিনি। মহাকাব্য নিয়ে এমন কাটাছেঁড়া করা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
এর আগে পরিচালক নীতেশ তিওয়ারি দাবি করেছিলেন, ‘অদ্ভুত রামায়ণ’ নামক গ্রন্থে সীতার এক যোদ্ধা রূপের উল্লেখ রয়েছে এবং তাঁরা সেটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন। কিন্তু মুকেশ খান্না পরিচালকের এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে, রামায়ণ একটাই যা বাল্মিকী রচনা করেছিলেন এবং এর বাইরে নিজেদের কল্পনা মিশিয়ে মহাকাব্যকে বিকৃত করা বন্ধ হওয়া উচিত।