পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বসিরহাটে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ বহু নেতার
বসিরহাটে তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও নেতারা দলত্যাগ করে এনসিপিআইতে যোগ দিয়েছেন।
বসিরহাটে তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও নেতারা দলত্যাগ করে এনসিপিআইতে যোগ দিয়েছেন। এর ফলে বসিরহাট এলাকায় শাসকদল হিসেবে পরিচিত তৃণমূল জমিও হারাচ্ছে বলে খবর মিলেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বসিরহাটের ১০টি পঞ্চায়েত সমিতির ৮১ জন সদস্য তৃণমূল ছেড়ে এনসিপিআই শিবিরে নাম লিখিয়েছেন। মিনাখাঁ বিধানসভার ঘুসিঘাটা বাজারে এনসিপিআইয়ের নতুন পার্টি অফিস খোলা হয়েছে। দলের নেতাকর্মীদের দাবি, এই কার্যালয় থেকেই আগামীদিনের রাজনৈতিক কৌশল ঠিক করা হবে।
সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২৬ জন সদস্যের মধ্যে ১৯ জন এবং সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্যের মধ্যে ১৭ জন এনসিপিআইতে যোগ দিয়েছেন। এ ছাড়াও খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭ জনের মধ্যে ১১ জন সদস্য দল ছেড়েছেন।
বসিরহাটের এনসিপিআই কো-অর্ডিনেটর হাজী মন্টু জানান, বসিরহাট জেলার ১৩টি অঞ্চল এবং দুটি পঞ্চায়েত সমিতির সদস্যরা তাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং আইএসএফ থেকেও কর্মীরা এনসিপিআইতে আসছেন বলে তাঁর দাবি।